যশোরের শার্শায় যুবক হত্যার রহস্য উদঘাটন, পরকীয়া সম্পর্কের জেরে নারীসহ আটক ৪
- পোষ্ট টাইম : 2026-05-11 18:55:52
- 8246 বার পঠিত
যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে পরকীয়া সম্পর্ক ও পাওনা টাকাকে কেন্দ্র করে ইকরামুল কবির (২৫) নামে এক যুবককে হত্যার ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনার প্রায় ৩৫ দিন পর বাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইকরামুল কবির শার্শার পুটখালী ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুল রশিদের ছেলে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে বসতপুর গ্রামের এক গৃহবধূর সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল। প্রায় এক মাস আগে ওই নারীর কাছ থেকে পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হন তিনি। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন আল ফরহাদকে আটক করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় বসতপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। পরে গোয়ালঘরের মেঝে খুঁড়ে ইকরামুলের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন— মুন্নী বেগম (২২), তার স্বামী আল ফরহাদ (৩৬), কাকলী খাতুন এবং ফজলু মোড়ল। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া সম্পর্ক ও অর্থ লেনদেনের বিরোধের জেরে ইকরামুলকে হত্যা করে মরদেহ গোপনে মাটিচাপা দেওয়া হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক চারজনকে আদালতে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
